সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং দইয়ের মোড়কে লেবেল ব্যবহার না করার অপরাধে ফুড গার্ডেন হাইওয়ে রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ও চড়িয়া কান্দিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযান সূত্রে জানা যায়, ফুড গার্ডেন হাইওয়ে রেস্টুরেন্টে উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক দইয়ের মোড়কে কোনো লেবেল ব্যবহার করা হচ্ছিল না। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. রজেল আহমেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

2f649e12-f10a-48d5-8b80-74296d5ee0ec

অন্যদিকে, চড়িয়া কান্দিপাড়ায় অবস্থিত এইচ. এন. ফুড অ্যান্ড বেভারেজের শিশু খাদ্য চিপস উৎপাদনকারী কারখানায় অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক উপস্থিত না থাকায় প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য তাকে অধিদফতরের জেলা কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। এছাড়া অভিযানে বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এস এম মনজুরুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর