চাঁদপুরে নাম-ঠিকানাবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির দায়ে কে সনিয়া এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একই অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এবং হাজীগঞ্জ উপজেলার হলুদ পট্টি ও মকিমাবাদ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে চাঁদপুর সদরে নাম-ঠিকানাবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির দায়ে কে সনিয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হাজীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের দায়ে রাশেদ গাজীকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে অনিল সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
জরিমানার অর্থ অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকেরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




