সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি টেরোরিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি টেরোরিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু
নাটোর শহরের কানাইখালী এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংসদের হুইপ ও সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের একটা টেরোরিস্ট রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেছেন, ‘এ দল নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাস শুরু করেছে। এরা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করে, হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারে।’

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

হুইপ দুলু বলেন, ‘আওয়ামী লীগ আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এই জন্যে এই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। গত ১৭ বছর নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল এই নিষিদ্ধ সংগঠন।’

তিনি বলেন, ‘বিএনপি আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়ার রাজনীতি করে না। মানুষকে পুড়িয়ে রাজনীতি খালেদা জিয়া কখনো করেনি, তারেক রহমানও করবে না। আওয়ামী লীগ যেমন মানুষকে জিম্মি করে ও পুড়িয়ে মারার রাজনীতি করছে গোটা পৃথিবী সেটা দেখছে। ’

তিনি আরও বলেন, ‘নিজেদের অন্যায় কর্মকাণ্ডের জন্যই আন্তর্জাতিকভাবে আজ তারা সমালোচিত হচ্ছে। পৃথিবী বিখ্যাত পত্রিকা নিউইয়ার্ক টাইমস তাদের টেরোরিস্ট রাজনৈতিক দল হিসেবে সংবাদ প্রকাশ করে তাদের আগুন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবেদন তুলে ধরেছে। ’

সমাবেশে নাটোর জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিল ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। 

এর আগে, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে সোমবার সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালীতে গিয়ে শেষ হয়। 

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর