পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলায় পলাতক প্রধান আসামি নুর আলমকে (৩৫) অবশেষে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসা নুর আলমকে গ্রেফতার করা হয়। পরে রোববার রাতে তাকে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতার নুর আলম জেলার তেঁতুলিয়ার দেবমগড় ইউনিয়নের ভুটুজোত গ্রামের মোকছেদুল হকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দুপুরে ভুক্তভোগী শিশুটি তার চাচাতো বোনকে সঙ্গে নিয়ে নুর আলমের দোকানে চকলেট কিনতে যায়। এসময় প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে নিপীড়ন করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাড়িতে ফিরে শিশুটি বিষয়টি তার বাবা-মাকে জানালে সঙ্গে সঙ্গে শিশুটির পরিবার তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে মামলার পর থেকেই পলাতক ছিলেন আসামি নুর আলম।
এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকায় এসআরবি-১৩ নীলফামারী ও এসআরবি-৪ ঢাকার যৌথ আভিযান দল অভিযান চালিয়ে আসামি নুর আলমকে গ্রেফতার করে। পরে এসআরবি আসামি নুর আলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান আসামি নুর আলমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে আসামিক তেঁতুলিয়া নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি/টিবি




