রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

টুঙ্গিপাড়ায় ৫ দিনে বিএনপি-এনসিপি-গণঅধিকারের ১৫ নেতাকর্মীর পদত্যাগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

টুঙ্গিপাড়ায় ৫ দিনে বিএনপি-এনসিপি-গণঅধিকারের ১৫ নেতাকর্মীর পদত্যাগ
গোপালগঞ্জে পদত্যাগ করা বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের কয়েকজন নেতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দল ছাড়ার ঘোষণা দেওয়ার প্রবণতা দেখা গেছে। 

গত পাঁচ দিনে দল তিনটির ১৫ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে ১১ জন বিএনপি, তিনজন গণঅধিকার পরিষদ ও ছাত্রদলের এবং একজন এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

গত ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে কেউ ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। 

আবার কেউ দলীয় পদ পাওয়ার বিষয়টি আগে জানতেন না বলে দাবি করেছেন। একজন শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

S

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতেই গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এসব ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেওয়া ব্যক্তিদের মধ্যে একজন ছাড়া বাকি ১৪ জনের পদত্যাগের ঘোষণা আসে।

পদত্যাগের ঘোষণার মধ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংখ্যাই বেশি। গত ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির পদত্যাগের ঘোষণা দেন।

পরবর্তীতে ১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, একই ইউনিয়ন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।

অন্যদিকে, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান এবং টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি।

S

এছাড়া ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ। ভিডিও বার্তায় তিনি শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করেন।

তবে গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতির পদত্যাগের বিষয়ে সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা পর্যায়ের এক নেতা। নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের ওই দায়িত্বশীল নেতা বলেন, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফেসবুকে পদত্যাগের বিষয়ে একটি পোস্ট দিয়েছেন বলে তিনি শুনেছেন। তবে সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। দু-একজন পদত্যাগ করলেও এতে দলের কোনো ক্ষতি হবে না।

এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 

অন্যদিকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের ফোন রিসিভ করে ব্যস্ততার কথা জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর