‘গোপালগঞ্জের মানুষের সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে আচরণ করেছে, তাতে এ দেশের মানুষের সাথে তাদের কোনো সর্ম্পক থাকতে পারে না’ বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
তিনি শনিবার (২১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) মাদারীপুর জেলা শাখার পরিচিতি সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এমপি আনিসুর রহমান বলেন, আওয়ামী লীগ একটু ক্ষমতা সঞ্চার করে গোপালগঞ্জের সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের ওপর যে বর্বোচিত হামলা করেছে, এটা কোনো মানুষ করতে পারে না। এরা যে আওয়ামী লীগ- তাদের আচার দিয়েই সেটা বুঝিয়েছে। এরা ভিন্নগ্রহের কোনো প্রাণী কিনা সন্দেহ আছে। তা নাহলে এভাবে থানা ভাঙচুর-লুটপাট করতে পারত না। এ দেশের মানুষের সাথে তাদের কোনো সর্ম্পক থাকতে পারে না। তারা মানুষের হৃদয় থেকে উঠে গেছে। ১৭ বছরে মসজিদের ইমাম, নাবালক মাদরাসার ছাত্র, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ গুম ও খুনের শিকার হয়েছে। ১৭ বছর পর মানুষ যখন তাদের শিক্ষা দিয়েছে। এই দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। যখন তারা একটু শক্তি সঞ্চয় করতে পেরেছে, আবার সেটার পুরনাবৃত্তি ঘটিয়েছে। বাংলাদেশের মানুষের জন্য আওয়ামী লীগ একটি ক্ষতিকর প্রাণী। এ দেশে তাদের জায়গা দেওয়া ঠিক হবে না।
সভায় সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ’র জেলা শাখার সভাপতি ডা. গোলাম সরোয়ার।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, বিপিএইচসিডিএর কেন্দ্রীয় সহ-সভাপতি কে.এম শহীদুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সিভিল সার্জন মাহফুজা খাতুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় আগামী তিন বছরের জন্য গঠিত ২১ সদস্য জেলা কমিটির পরিচিত করা হয়। সভায় জেলা ও উপজেলা হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ




