মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করে গাংনী থানা পুলিশ।
আটকরা হলেন– কাজিপুর মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন শুভ (২২) এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজিপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয় জনতা ওই দুইজনকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, স্থানীয়দের হাতে আটক হওয়ার পর পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (২২ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/টিবি




