পাবনার চাটমোহরে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতিসহ সংগঠনটির তিন নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চাটমোহর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং ছাত্রলীগের সক্রিয় সদস্য ও বড়শালিকা গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলাম।
চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকায় অবস্থান করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হরিপুর থেকে হুমায়ূন কবির এবং গুনাইগাছা থেকে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
/এসআই




