শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

তিন দিন ধরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, পাবনার বেড়া রণক্ষেত্র

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

তিন দিন ধরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, পাবনার বেড়া রণক্ষেত্র

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে। এখনও পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। টানা তিন দিনের সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) থেকে থেকে সংঘর্ষ চলছিল। এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) লকডাউন কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

02

ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর (শনিবার) দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, গ্রামবাসীদের পূর্ব বিরোধ এবং রাজনৈতিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার জানান, আওয়ামী লীগ পূর্ব পরিকল্পিতভাবে বেড়াকে অশান্ত করে রেখেছে; কিন্তু আমরা বিএনপিসহ সাধারণ মানুষ শান্ত অবস্থায় আছি। আওয়ামী লীগ লাশের রাজনীতি চাচ্ছে, যাতে তারা আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করতে পারে। কিন্তু আমরা সেই সুযোগ দেব না। কিন্তু বেড়ার ওসি সাহেবের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে- এই সংঘর্ষের বিরুদ্ধে তার যতটুকু পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তিনি সেই পদক্ষেপ নেননি।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর