রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ঢাকা

সীমান্ত থেকে বধির বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পিএম

শেয়ার করুন:

সীমান্ত থেকে বধির বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
আটক শাহরিয়ার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় পাথর আনতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে শাহরিয়ার নামে এক বধির বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ নভেম্বর) বেলা ২টার দিকে বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করেন বিএসএফ সদস্যরা।

আটক শাহরিয়ার (২২) গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

জানা যায়, শনিবার সকালে মরকিটিলা এলাকায় জিরো পয়েন্টের কাছাকাছি অন্য শ্রমিকদের সঙ্গে পাথর আনতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর সংগ্রহ করতে গিয়ে তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করলে তার সহযোগীরা বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও শাহরিয়ার আটক হন।

শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনেন। সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি পাথর আনতে মরকিটিলা এলাকায় গিয়ে ভুলবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে বিএসএফ তাকে আটক করে। এ বিষয়ে তিনি বিজিবির বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে কথা বলেছেন।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর