গ্রাম পুলিশদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের চিরাচরিত স্বভাব অগ্নিসংযোগ, যানবাহন ও অফিস-আদালত পোড়ানো, মানুষ হত্যা এবং বাস ও থানায় আগুন দেওয়া। এসব নাশকতা প্রতিহত করতে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।’
শনিবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা পোশাকধারী সরকারি লোক, তাই আপনাদের মনোবল শক্ত রাখতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ। কোনো এলাকায় তাদের সন্ত্রাসী কার্যক্রমের খবর পেলে প্রয়োজনে ওয়ার্ড থেকে ফোনের মাধ্যমে বার্তা পাঠিয়ে একত্রিত হয়ে তা প্রতিহত করবেন এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা অতন্দ্র প্রহরী এবং মূল চালিকাশক্তি।’
নান্দাইলে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের গুরুত্ব তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘নান্দাইল থানার ১৩টি ইউনিয়নে পুলিশ সদস্য আছেন ৬০ থেকে ৬৫ জন, কিন্তু আপনারা সংখ্যায় ১৩০ জন। আপনারা এলাকার সবার সঙ্গে সুসম্পর্ক রাখবেন।’
‘তবে মাদককারবারি ও জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদের পুলিশের হাতে তুলে দেবেন। যে মাদক কারবারি বা সেবনকারী পরিবার ও সমাজ ধ্বংস করে দিচ্ছে, তাদের সঙ্গে থাকা যাবে না। তারা জেলে থাকুক, এলাকাবাসী শান্তিতে থাকুক।’
বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা সমাজে মাদক ও জুয়ার যে ভয়াবহ অবস্থা সৃষ্টি করে গেছে, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আপনারাই কেবল তা নির্মূল করতে পারবেন।’
‘গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের গ্রাম পুলিশের স্বীকৃতি দিয়েছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধি করেছেন।’
পেনশন ভাতা, মোবাইল ভাতা বাড়ানো হয়েছে এবং যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে পেনশন ভাতা ৮০ হাজার থেকে লাখ টাকা করেছেন। পর্যায়ক্রমে বেতন আরও বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম প্রমুখ।
প্রতিনিধি/এসআই




