গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমা জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৩টার দিকে ধাপেরহাট এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও ইটভাটা সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল গোপন সংবাদে সেখানে অভিযান চালায়। পরে ব্যাটালিয়নের বোম্ব ডিসপোজাল টিম এসে তিনটি ককটেল ও তিনটি পেট্রোলবোমা উদ্ধার করে। উদ্ধার বিস্ফোরকগুলো সাদুল্লাপুর থানায় জমা দেওয়া হয়েছে।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্র, বিস্ফোরক ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এসআরবি-১৩-এর অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ




