শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
মো. আরাফাত মোল্লা (১৯)

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আরাফাত মোল্লা (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরাফাত মোল্লা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মোল্লা বাড়ির মো. আসাদ মোল্লার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আরাফাত সারের বস্তা নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাসুদেবের দিকে যাচ্ছিলেন। পথে রামরাইল বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে শহরমুখী এক ট্রাক তার অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর