গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। উপজেলার কাটাবাড়ি মোড় এলাকায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামার মাঠে এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আগামী রোববার (২২ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনের এ আয়োজন শেষ হবে।
শুক্রবার জুমার নামাজের পর বয়ান করেন ঢাকার কেন্দ্রীয় মারকাজ মসজিদের মুরুব্বি মুফতি ওসামা।
আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এ ইজতেমায় ঢাকার মারকাজের মুরুব্বিদের পাশাপাশি বিদেশি জামাতের মুরুব্বিরাও পর্যায়ক্রমে বয়ান করবেন।
গাইবান্ধা জেলা মারকাজ মসজিদের জিম্মাদার অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ইজতেমায় অংশ নিতে ইন্দোনেশিয়া ও সুদানসহ কয়েকটি দেশের তাবলিগ জামাতের সদস্যরা বৃহস্পতিবার থেকেই ময়দানে অবস্থান করছেন।
ইজতেমার প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে পলাশবাড়ী উপজেলার তাবলিগ জামাতের সাথি মামুনুর রশীদ ও আহসান হাবীব জানান, নিরাপত্তার স্বার্থে তাবলিগ জামাতের পক্ষ থেকে দিনরাত পাহারার ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে মাঠ প্রস্তুত ও প্যান্ডেল নির্মাণের পাশাপাশি অস্থায়ী অজুখানা, টয়লেট, গোসলখানা ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থাও রয়েছে।
আয়োজকদের আশা, গাইবান্ধার সাতটি উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক মুসল্লি এ ইজতেমায় অংশ নেবেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, জেলা ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে যানজট নিরসনেও কাজ করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
প্রতিনিধি/এএম




