জীবনের শেষ প্রান্তে এসেও থামেনি বেঁচে থাকার লড়াই। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, তবু পেটের দায়ে প্রতিদিন সকালে কাদা-পানিতে নামতে হয় ৬০ বছর বয়সী তহুরা খাতুনকে। কখনো বিলে, কখনো খালে, আবার কখনো পুকুরে স্বামীর সঙ্গে শামুক খুঁজে বেড়ান তিনি। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত শামুক সংগ্রহ করে যা আয় হয়, তা দিয়েই কোনোমতে চলে তাদের সংসার।
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের কালীয়ানি গ্রামের তহুরা খাতুন ও তার স্বামী রাশেদ হোসেনের জীবনসংগ্রাম এমনই। রাশেদ পেশায় ভ্যানচালক। ভ্যান চালিয়ে যা আয় করেন, তা দিয়ে সংসারের খরচ মেটানো কঠিন। তাই বাড়তি আয়ের আশায় স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিদিন শামুক কুড়াতে বের হন তিনি।
এই দম্পতি জানান, প্রতিদিন সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত তারা দুজন মিলে প্রায় ৮ থেকে ১০ কেজি শামুক সংগ্রহ করেন। পরে প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি করেন। এতে প্রতিদিন শামুক বিক্রি করে ১২০ থেকে ২০০ টাকা পান তারা। এই সামান্য আয় দিয়ে সংসারের বাড়তি খরচ মেটানোর চেষ্টা করেন। শামুক সংগ্রহ শেষে বাড়ি ফিরে রান্নাবান্নাসহ সংসারের অন্যান্য কাজও সামলাতে হয় তহুরা খাতুনকে।

তহুরা খাতুন বলেন, ‘প্রতিদিন আমরা দুজন মিলে ৮ থেকে ১০ কেজি শামুক কুড়াই। প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি করি। এই সামান্য টাকায় সংসার চালানো খুব কঠিন। ৬০ বছর বয়সেও পেটের দায়ে পানিতে নেমে কাজ করতে হচ্ছে। এভাবে আর পারছি না। সরকার যদি আমাদের একটু সহযোগিতা করত, তাহলে বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারতাম।’

স্থানীয় বাসিন্দা কালাম হোসেন বলেন, তারা খুবই অসহায়। বয়সের এই পর্যায়েও জীবিকার জন্য কষ্ট করে শামুক কুড়াতে হয়। তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। সরকারিভাবে সহযোগিতা পেলে তারা বাকি জীবনটা কিছুটা ভালোভাবে কাটাতে পারবেন। তাদের চাওয়া খুব বেশি নয়। শেষ বয়সে একটু আর্থিক নিরাপত্তা, দুবেলা খাবারের নিশ্চয়তা এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ।

তহুরা খাতুনের অসহায়ত্বের বিষয়ে জানতে চাইলে শার্শা উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘তহুরা খাতুন আবেদন করলে সরকারের নিয়ম অনুযায়ী তাদের জন্য যেসব সুযোগ-সুবিধা রয়েছে, তা বিবেচনা করা হবে। তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে গোগা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সরোয়ার হোসেন বলেন, ‘তহুরা ও তার পরিবার অনেক গরিব। আমরা সব সময় তাদের পাশে আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমাদের দলের পক্ষ থেকেও তাদের সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।’
প্রতিনিধি/এসএস




