বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোল বোমা হামলা, চালক দগ্ধ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

শেয়ার করুন:

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোল বোমা হামলা, চালক দগ্ধ

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক রাজিব (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন। ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন চালকের সহকারী হৃদয় (৪০)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত চালক রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর (তৃপ্তিপুর) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। চালকের সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে।

আহত ব্যক্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭ নম্বরের কাভার্ড ভ্যানটি হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের একটি কলাবাগান থেকে ৪-৫ জন দুর্বৃত্ত গাড়ি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা গাড়ির বডিতে আঘাত করে। অন্যটি খোলা জানালা দিয়ে গাড়ির ভেতরে ঢুকে চালকের পাশে বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানটি মহাসড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে। খবর পেয়ে চাঁনপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে। তার অবস্থা কিছুটা গুরুতর। অন্যদিকে, গাড়ির ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের হাত ও মুখ কেটে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।

 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর