কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সহকারী পুলিশ সুপার মোস্তায়িন বিল্লাহ ফেরদৌস।
প্রত্যক্ষদর্শী ও বাসচালকের বরাতে জানা যায়, কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফেরার পথে দুই ব্যক্তি একটি টায়ারে আগুন ধরিয়ে বাসের দিকে নিক্ষেপ করেন। এ সময় চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বাসে থাকা শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান জানিয়েছেন, বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও শিক্ষার্থীরা নিরাপদ রয়েছেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সহকারী পুলিশ সুপার মোস্তায়িন বিল্লাহ ফেরদৌস বলেন, পুলিশ অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে।
প্রতিনিধি/টিবি




