উত্তরের হিমেল বাতাস আর হালকা কুয়াশায় ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে। হিমালয় পর্বতাঞ্চলের কাছাকাছি হওয়ায় এ জেলায় শীতের প্রভাব তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে। এরই মধ্যে একদিনের ব্যবধানে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ও রাতে বাড়ছে ঠান্ডার অনুভূতি, বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত শীতের দাপট বেশি থাকছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার এ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৭ ডিগ্রি। এদিকে, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সকালে জেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশার উপস্থিতি দেখা গেলেও ধীরে ধীরে মেঘমুক্ত আকাশে উঁকি দেয় সূর্য। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জীবিকার তাগিদে কর্মস্থলের পথে বেরিয়ে পড়েন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালকসহ কৃষকেরা। তবে উত্তরের ঠান্ডা বাতাসে সকালবেলা কাজ করতে গিয়ে শীতের প্রভাব অনুভব করতে হচ্ছে তাঁদের।
স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই দিন দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মেলেনি। এতে দিনের বেলাতেও ঠান্ডার অনুভূতি ছিল। বুধবার সকালে রোদের দেখা মিলেছে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবারও বাড়তে থাকে শীত। রাত গভীর হলে উত্তরের হিমেল বাতাসে ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে। বিশেষ করে ভোরের দিকে কাঁথা ও চাদর ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।
শীতের প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু ও বয়স্করা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত উপসর্গ দেখা দিচ্ছে। কেউ কেউ নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় পর্বতাঞ্চলের কাছাকাছি অবস্থান এবং উত্তরের হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমতে শুরু করেছে। বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। আবহাওয়ার এমন পরিস্থিতিতে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে।
প্রতিনিধি/টিবি




