গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একই ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী (দুলাল) গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাবু মিয়া রেলওয়েতে চাকরি করেন। তার দুই স্ত্রীর মধ্যে বড় স্ত্রী আখি বেগম ও তার ছেলের মরদেহ ঘরের ভেতরে পড়ে থাকতে দেখেন স্বজনেরা।
স্থানীয়দের দাবি, নিহত মা ও ছেলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফুল বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, এ ঘটনায় বাবু মিয়া ও তার ছোট স্ত্রীকে পুলিশ আটক করেছে। তবে মা ও ছেলের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তিনি নিশ্চিত নন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রতিনিধি/এএম




