মেহেরপুরের গাংনী উপজেলায় জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি প্রাচীন কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার হিন্দা গ্রামে মিজানুর রহমানের নিজ বাড়িতে থেকে যৌথ অভিযানে এই শিবলিঙ্গ উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন ও বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলা প্রশাসন এবং কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যরা যৌথভাবে ওই বাড়িতে অভিযান চালান। তল্লাশিকালে বাড়ি থেকে ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। প্রতি কেজি কষ্টিপাথরের বাজারমূল্য ১ লাখ টাকা হিসাবে উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক মূল্য দাঁড়ায় ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুর রহমান ফয়েজ। ঘটনার সত্যতা নিশ্চিত তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়েছে।
তবে কী উদ্দেশ্যে মূল্যবান এই মূর্তিটি বাড়িতে রাখা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া অভিযানের সময় কাউকে আটক করাও সম্ভব হয়নি।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, উদ্ধার হওয়া কষ্টিপাথরের শিবলিঙ্গটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এএম




