নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের চর ইউনুছ ও চর ওছমানসহ পার্শ্ববর্তী সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে অবাধে চালানো হচ্ছে কৃষিকাজ। গত দুই বছর আগেও যেসব এলাকায় ম্যানগ্রোভ বন দৃশ্যমান ছিল, সেখানে মাত্র দেড় বছরের ব্যবধানে বনভূমি নিশ্চিহ্ন করে ফসল চাষ করা হয়েছে।
এবারের আমন মৌসুমে এসব জমিতে মিলেছে ধানের বাম্পার ফলন। কোথাও গাছের গোড়া এখনো সতেজ, আবার কোথাও ফাঁকে ফাঁকে দু-একটি কেওড়া গাছ দাঁড়িয়ে আছে বনের অতীত স্মৃতি নিয়ে। সংরক্ষিত বনভূমি উজাড় ও দখলের এমন ঘটনায় স্থানীয় বন বিভাগ ও ভূমি বিভাগের উদাসীনতাকে দায়ী করেছেন সচেতন মহল।
নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের চর ওছমান সি-বিচের উত্তর পাশ, শতফুল বাজার-সংলগ্ন এলাকা, চর ইউনুছের কাটাখালীর দুই পাশ, আমতলী এবং পূর্ব বিরবিরি বর্ধিতাংশ মৌজাসহ পার্শ্ববর্তী বনাঞ্চলে দেখা গেছে এমন চিত্র।
সম্প্রতি নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা রেঞ্জের আওতাধীন এসব বনাঞ্চল এবং নিঝুম দ্বীপ সি-বিচের উত্তর পাশে সরেজমিনে ঘুরে বনভূমি দখল ও চাষাবাদের নানা কর্মকাণ্ড দেখা গেছে। চর ইউনুছের কাটাখালী এলাকায় বনভূমি পরিষ্কার করে আমন ধানের চাষ করেছেন কবির, তাহের মাঝি ও নান্টুসহ অন্তত দুই শতাধিক ব্যক্তি। কেউ জমিতেই অটো মেশিনে ধান মাড়াই করছেন, আবার কেউ পাওয়ার ট্রলিতে করে ধান নিয়ে যাচ্ছেন বেড়িবাঁধের ওপারে।
বনভূমি দখল করে চাষাবাদের বিষয়ে জানতে চাইলে নান্টু বলেন, প্রায় এক কানি (এক একর ৬০ শতক) বনভূমি পরিষ্কার করে ধান চাষ করেছি। আগে ফরেস্টকে টাকা দিতে হলেও এখন আর দিতে হয় না।
একইভাবে কবির জানান, তিনি দেড় কানি জমি পরিষ্কার করে দখলে নিয়ে চাষাবাদ করেছেন। তাহের মাঝিও দেড় কানি বনভূমি পরিষ্কার করে দখলের পর সেখানে ধান চাষ করেছেন।
শুধু কৃষিকাজই নয়, কাটাখালী এলাকায় বনভূমি দখল করে স্থানীয় কালু সর্দারসহ একাধিক ব্যক্তি বালুর ব্যবসাও চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
একই ধরনের চিত্র দেখা গেছে চর আতাউর এবং সাগুরিয়া রেঞ্জের চর আলীমের বিভিন্ন অংশে। চর আলীমের আলাদিগ্রাম বাজারের দক্ষিণ পাশ, টানবাজার ও পচার খাল সংলগ্ন এলাকায় বনভূমি দখল করে চাষাবাদের পাশাপাশি নির্মাণ করা হয়েছে বসতবাড়ি। এসব দখল করা জমিতে এবার আমনের বাম্পার ফলনও হয়েছে।
দখলদারদের অনেকে দাবি করেছেন, ভূমি অফিস থেকে বন্দোবস্ত নিয়ে তারা এসব জমি দখল করে চাষাবাদ করছেন। তবে সরকারি গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি কীভাবে বন্দোবস্ত দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিয়াজীর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। জাহাজমারা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হুমায়ুনও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
তবে সাগুরিয়া রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমার এলাকায় যা হয়েছে, সেগুলো বিভিন্নভাবে বন্দোবস্ত নিয়ে করা হয়েছে। আপনারা ভূমি অফিসের বন্দোবস্তের বিষয়টি নিয়ে লেখেন।
সাগুরিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রহিম জানান, এসব বন্দোবস্ত তার দায়িত্ব পালনের অনেক আগে, ২০১৩-১৪ সালের দিকে দেওয়া হয়েছে।
বন বিভাগ ও সংশ্লিষ্ট কাগজপত্র সূত্রে জানা যায়, জাহাজমারা রেঞ্জের চারটি বিটের আওতায় ১৩টি চরে সরকারি গেজেটভুক্ত প্রায় ২১ হাজার ৪৪ একর সংরক্ষিত বনভূমি রয়েছে। এ ছাড়া ১১টি চরে সরকারি গেজেটভুক্ত ৪০ হাজার ৩৯০ একর এলাকা নিয়ে গঠিত নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান।
এদিকে, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০১৮ সালের ৩০ এপ্রিল হাতিয়া উপজেলাধীন নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের রক্ষণাবেক্ষণ ও মূল্যায়নের জন্য জেলা প্রশাসককে সভাপতি করে একটি টাস্কফোর্স কমিটি গঠন করে। তবে কমিটি গঠনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এর কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ রয়েছে।
বন বিভাগের অভিযোগ, জাতীয় উদ্যানের সরকারি গেজেটভুক্ত চর ইউনুছকে চর হেয়ার ও নতুন সুখচর নামে চিহ্নিত করাসহ বিভিন্ন চরকে নতুন নামে দেখিয়ে ভূমি অফিস হাতনকশা তৈরি করে বন্দোবস্ত দিয়েছে। এমনকি অতীতের তারিখ দেখিয়েও (ব্যাকডেট) অনেক বন্দোবস্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে বনভূমি দখলের সুযোগ পেয়েছেন ভূমিখেকোরা। টাস্কফোর্স গঠনের পরও ভূমি অফিস থেকে চর কালামের বর্ধিতাংশ ও পূর্ব বিরবিরি বর্ধিতাংশে বন্দোবস্ত দেওয়া হয়েছে বলে বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বন্দোবস্ত দেওয়া এসব বনভূমির বিস্তীর্ণ এলাকা ২০২৫ সালের মাঝামাঝি সময়ে একটি নতুন রাজনৈতিক চক্র জাতীয় নির্বাচনে সুবিধা পাওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট দফতরকে কাজে লাগিয়ে দখল বুঝিয়ে দেয়। স্থানীয়দের অভিযোগ, ভূমিহীন নামীয়দের আড়ালে এ সুবিধা পেয়েছেন অনেক বিত্তশালীরা।
সংরক্ষিত বনভূমি উজাড় করে কৃষিজমিতে রূপান্তর, অবৈধ দখল এবং বন্দোবস্তের অভিযোগের পরও সংশ্লিষ্ট বিভাগের পদক্ষেপ না নেওয়ায় নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক বনাঞ্চল হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন পরিবেশসচেতন ব্যক্তিরা। তাদের মতে, বনভূমির সীমানা পুনর্নির্ধারণ, অবৈধ বন্দোবস্তের নথি যাচাই, দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং বন সংরক্ষণে সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।
প্রতিনিধি/এফএ




