সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন প্রত্যাশায় বুক বাঁধছে লালমনিরহাট

মাহফুজ সাজু, লালমনিরহাট
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন প্রত্যাশায় বুক বাঁধছে লালমনিরহাট
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে লালমনিরহাটে তৈরি করা হচ্ছে মঞ্চ
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে লালমনিরহাটজুড়ে এখন নতুন উৎসাহ, উদ্দীপনা ও প্রত্যাশার আমেজ। দীর্ঘদিনের বঞ্চনা ঘুচে উন্নয়নের আশায় বুক বেঁধেছেন এ জেলার মানুষ। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক তৎপরতা।

পাশাপাশি সফরকে ঘিরে জেলার রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। তবে এই সফর কেবল একজন সরকারপ্রধানের আনুষ্ঠানিক আগমন নয়; এর সঙ্গে জড়িয়ে আছে একটি জেলার সামাজিক পরিবর্তনের স্বপ্ন, অবকাঠামোগত উন্নয়নের প্রত্যাশা এবং দীর্ঘদিনের নানা নাগরিক সমস্যার সমাধানের আকাঙ্ক্ষা।

সফরে প্রধানমন্ত্রী ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরাসরি পরিদর্শন করবেন। পাশাপাশি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ মহেন্দ্রনগর মডেল খাল খননকাজের উদ্বোধনের কথা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ তথ্য জানিয়েছেন।

এই দুটি উদ্যোগকে ঘিরেই সফরের গুরুত্ব পেয়েছে ভিন্ন মাত্রা। একদিকে মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ; অন্যদিকে খাল খননের মাধ্যমে কৃষি, সেচ, পানি নিষ্কাশন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি দফতরগুলো প্রস্তুতিমূলক কার্যক্রম চালাচ্ছে। সফরের সম্ভাব্য কর্মসূচির স্থানগুলো ঘিরে পরিদর্শন, সমন্বয় ও প্রয়োজনীয় প্রস্তুতির তৎপরতা শুরু হয়েছে। 

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে বিপুল জনসমাগম এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিদর্শনের স্থানগুলো এবং এর আশেপাশে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আগামীকাল সোমবার এ উপলক্ষে একটি কোঅর্ডিনেশন মিটিং হবে, সেই মিটিংয়ের পরেই আমাদের চূড়ান্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করব। 

অপরদিকে, গত ১২ নভেম্বর মহেন্দ্রনগর মডেল খাল পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

232

প্রশাসনের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে সফরের বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা, শৃঙ্খলা, জনসমাগম ব্যবস্থাপনা, যান চলাচল এবং নাগরিক ভোগান্তি নিয়ন্ত্রণে রাখা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে জেলার উন্নয়ন সম্ভাবনা ও দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সামাজিক আন্দোলনকে সফল করা গেলে এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা সবাই মিলে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। দলীয় নেতাকর্মীরা সফর সফল করতে সাংগঠনিক তৎপরতা, প্রচার-প্রচারণা ও বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও বিভিন্ন কর্মসূচিও পালন করা হচ্ছে। জেলার প্রতিটি উপজেলায় ত্রাণমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু ইতিমধ্যেই ‘আলোকিত লালমনিরহাট’-এর বিভিন্ন কমিটিগুলোর সঙ্গে সভা করেছেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে গত কয়েকদিন ধরেই উপজেলাগুলোতে মিছিল, মিটিং ও আনন্দ শোভাযাত্রা করছেন বিএনপি নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মীদের কাছে এই সফর শুধু দলীয় প্রধানের আগমন নয়; বরং জেলার উন্নয়ন, রাজনৈতিক কর্মকাণ্ডের গতি এবং স্থানীয় মানুষের দাবি-দাওয়া জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

এ বিষয়ে লালমনিরহাট পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন বলেন, দেশের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ জেলা থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জেলায় আগমন করবেন, এটা আমাদের, আমাদের দলের এবং সর্বোপরি অঞ্চলের মানুষের জন্য অনেক আনন্দের। এ অঞ্চলের মানুষের প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা, বুড়িমারী স্থলবন্দরের যোগাযোগের উন্নয়ন, বিমানবন্দরের মত উন্নয়নের বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবেন। আমরা লালমনিরহাটবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছি তার আগমনের।

তবে সফরকে কেন্দ্র করে দলীয় উচ্ছ্বাসের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ, জনদুর্ভোগ এড়ানো এবং কর্মসূচিগুলোকে জনস্বার্থকেন্দ্রিক রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে নেওয়া কথা জানিয়েছেন বিএনপির এই নেতা।

মহেন্দ্রনগর মডেল খাল: কৃষি ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা দ্বার

প্রধানমন্ত্রীর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি মহেন্দ্রনগর মডেল খাল খনন প্রকল্পের উদ্বোধন। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই খাল মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে তিস্তা নদীতে গিয়ে মিলবে। খালটি পুনঃখনন হলে পানি নিষ্কাশন, সংরক্ষণ ও কৃষিকাজে সেচ সুবিধা বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ, মাছ চাষ ও হাঁস পালনের পরিকল্পনাও রয়েছে। সে কারণে এই খালকে মডেল খাল বলা হচ্ছে, যা দেশের ১৭ টি জেলায় উদাহরণ হিসেবে পর্যায়ক্রমে খনন করা হবে। 

উল্লেখ্য, খালটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় হতদরিদ্র ২০ জনকে নিয়ে সমবায় সমিতি গঠনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি খালের দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী।

12236

তিস্তা নদী ও এর শাখা-প্রশাখানির্ভর এই অঞ্চলের মানুষের কাছে খালটির গুরুত্ব শুধু একটি অবকাঠামো প্রকল্পে সীমাবদ্ধ নয়। বর্ষায় জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং কৃষি উৎপাদনের অনিশ্চয়তা মোকাবিলায় এটি কার্যকর ভূমিকা রাখতে পারে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

তবে প্রকল্পের প্রকৃত সুফল পেতে খালের নাব্যতা বজায় রাখা, নিয়মিত পরিচর্যা, অবৈধ দখল ও দূষণ প্রতিরোধ এবং পানি ব্যবস্থাপনায় কার্যকর নজরদারির প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।

এভিয়েশন বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি পরিদর্শন। উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা, প্রযুক্তি, বিমান ও মহাকাশবিষয়ক গবেষণার সম্ভাবনা তৈরি করতে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই পরিদর্শনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, গবেষণা সুবিধা এবং পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে নতুন গুরুত্ব পাবে।

সাধারণ মানুষের প্রত্যাশা

লালমনিরহাটের সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর এই সফর নতুন করে আশা জাগিয়েছে। তাদের প্রত্যাশা, সফরের মধ্য দিয়ে জেলার দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনাগুলো সরকার প্রধানের কাছে গুরুত্ব পাবে। বিশেষ করে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর অগ্রগতি এবং নদীভাঙন রোধে স্থায়ী উদ্যোগ, লালমনিরহাট বিমানবন্দর ও এভিয়েশন, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো।

লালমনিরহাটের মানুষ চান, এই সফরের মধ্য দিয়ে জেলার দীর্ঘদিনের বঞ্চনা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, কর্মসংস্থানের সংকট এবং তিস্তা নদীকেন্দ্রিক দুর্ভোগের বিষয়গুলো জাতীয় গুরুত্ব পাক। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফর যেন কেবল একটি দিনের আনুষ্ঠানিকতা হয়ে না থাকে; বরং জেলার উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের দীর্ঘমেয়াদি যাত্রার সূচনা করে।

জেলা শহরের শিক্ষক মনির হোসেন বলেন, বন্ধ হয়ে থাকা শিল্পকারখানা ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, হাসপাতাল, চিকিৎসক সংকট ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন প্রয়োজন।

সচেতন নাগরিকদের আশা, প্রধানমন্ত্রীর সফরে এসব সমস্যা শুধু আলোচনায় সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ও সময়সীমাভিত্তিক উদ্যোগের ঘোষণা আসবে। এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকগুলোর একটি হচ্ছে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলন। মাদক, জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা এই উদ্যোগকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার চেষ্টা অব্যাহত থাক।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসনের প্রস্তুতি, বিএনপির নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা এবং সাধারণ মানুষের প্রত্যাশা—সব মিলিয়ে ১৯ নভেম্বর লালমনিরহাটের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর