পিরোজপুরের সদর উপজেলায় বাড়ির সামনে ব্যাটারিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় চালক নজরুল শেখ (৪৫) ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভৈরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নজরুল শেখ ওই গ্রামের বাসিন্দা। তিনি মৃত ছত্তার শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নির্মাণসামগ্রীবোঝাই একটি ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় নজরুলের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রতিনিধি/টিবি




