ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যরা।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতালের বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে দুদক।
দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন এবং আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) শিশির কুমার সানা উপস্থিত ছিলেন।
দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুদক সদস্যরা জানতে পারেন, হাসপাতালে হিসাবরক্ষক হিসেবে আব্দুল আজিজ কর্মরত থাকলেও তাকে দায়িত্ব না দিয়ে পরিসংখ্যানবিদ মাইনুরকে দিয়ে হিসাবরক্ষকের কাজ করানো হচ্ছে। এ বিষয়ে হিসাবরক্ষক আব্দুল আজিজের কাছ থেকে লিখিত বক্তব্য নিয়েছেন দুদক সদস্যরা।

এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রায় ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা। সরকারি ওষুধ রোগীরা যথাযথভাবে পাচ্ছেন কি না, তা যাচাই করতে বিভিন্ন নথিপত্র সংগ্রহের পাশাপাশি রোগীদের সঙ্গেও কথা বলেন তাঁর
হাসপাতালে রোগীদের খাবারের মানও পরীক্ষা করা হয়। রোববার দুপুরের খাবারের তালিকায় রুই মাছ থাকার কথা থাকলেও সেখানে অন্য মাছ দেওয়া হয়েছে বলে অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হাসপাতালের হিসাবরক্ষক আব্দুল আজিজ বলেন, ২০২৬ সালের জুন মাসে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাবরক্ষক হিসেবে যোগ দেন। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাকে দায়িত্ব বুঝিয়ে দেননি। তার দায়িত্বের কাজ পরিসংখ্যানবিদ মাইনুরকে দিয়ে করানো হচ্ছে।
দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, দুদকের প্রধান কার্যালয়ের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালের বিভিন্ন বিষয় খতিয়ে দেখে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব নথি পর্যালোচনা করে প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে।
তিনি আরও বলেন, অভিযানে কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে।
প্রতিনিধি/এসএস




