যশোরের শার্শায় চাঁদা না পেয়ে চার কৃষককে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম তোতা নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় খাগড়াছড়ির একটি পুলিশ ক্যাম্প থেকে অস্ত্রসহ পালিয়ে এসেছেন বলেও অভিযোগ রয়েছে।
গত ১৪ নভেম্বর সকালে শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কন্দর্পপুর গ্রামের মকছেদ আলীর ছেলে গোলাম হোসেন বুদো (৪৫), মৃত আবদুল মজিদের ছেলে জামিরুল ইসলাম (৪৫), তার ছোট ভাই আমিরুল ইসলাম (৪০) এবং গাতিপাড়া গ্রামের বেতনা পাড়ার আবু সিদ্দিকীর ছেলে মহসিন (৩২)।
আহতদের মধ্যে গোলাম হোসেন বুদোর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা সবাই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। অভিযুক্ত ব্যক্তির ভয়ে আহতরা হাসপাতালে ভর্তি হতে পারেননি বলে অভিযোগ রয়েছে। তারা স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে পুলিশ গোলাম হোসেন বুদোকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম তোতা কন্দর্পপুর গ্রামের রেজাউল সরদার সোনার ছেলে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় খাগড়াছড়ির একটি পুলিশ ক্যাম্প থেকে অস্ত্রসহ পালিয়ে তিনি নিজ গ্রামে আসেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে তিনি অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করে আসছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। চাঁদা না দিলে মারধর, বাড়িঘর ভাঙচুর ও জমি দখলসহ নানা হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রের দাবি, এসব অভিযোগে শার্শা থানা-পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠিয়েছিল। কিছুদিন পর জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে শার্শা থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ঘের দখল, বাড়িঘর ভাঙচুর, অপহরণ ও মারধরের একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
এদিকে শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে বিচারের দাবিতে নিজামপুর ইউনিয়ন ও কন্দর্পপুর গ্রামের বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী দাবি জানালেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে কন্দর্পপুর গ্রামের কয়েকজন ব্যবসায়ী ও ভুক্তভোগী জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় খাগড়াছড়ির পুলিশ ক্যাম্প থেকে অস্ত্র নিয়ে গ্রামে পালিয়ে আসেন শহিদুল ইসলাম তোতা। এরপর থেকে তিনি রাতে ওই অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লোকজনকে মারধর করেন। এভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করেছেন বলে তাদের অভিযোগ। তারা আরও জানান, রাতে নেশাগ্রস্ত অবস্থায় চাঁদাবাজি করে দিনের বেলা বাড়িতে ঘুমিয়ে থাকেন তিনি।
আহত গোলাম হোসেন বুদো বলেন, শহিদুল ইসলাম তোতা তার কাছে চাঁদা চেয়েছিলেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় ১৪ নভেম্বর সকালে মাঠ থেকে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে ও হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়। তিনি জানান, রোববার দুপুরে পুলিশ তাকে বাড়ি থেকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে নিজামপুর ইউনিয়নের কোনো নেতা শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে মন্তব্য করতে রাজি হননি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ঘটনার খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ পাঠিয়ে আহত গোলাম হোসেন বুদোকে বাড়ি থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




