রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

নেত্রকোনার সদর উপজেলায় দুই অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আবু তাহের ভুঁইয়া (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের ভুঁইয়া নেত্রকোনা পৌর শহরের কসবা এলাকার মৃত আরশাদ আলী ভুঁইয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার আটপাড়া উপজেলার তেলিগাতী এলাকায় চাচাতো বোনের বৌভাতের অনুষ্ঠান শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন আবু তাহের। অটোরিকশাটি চালাচ্ছিলেন একই এলাকার সুমন মিয়া। পথে সদর উপজেলার শিবপ্রসাদপুর এলাকায় পৌঁছালে তাদের অটোরিকশার সঙ্গে অপর একটি অটোরিকশার ধাক্কা লাগে। ওই অটোরিকশাটি চালাচ্ছিলেন শরীফ নামের এক ব্যক্তি।

আরও পড়ুন

মানিকগঞ্জে বিড়ি খাওয়াকে কেন্দ্র করে যুবক নিহত

এ নিয়ে দুই চালকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শরীফ সুমনকে মারধর শুরু করেন। শরীফের বাড়ি ওই এলাকায় হওয়ায় তার চিৎকারে বাড়ি থেকে আরও চার-পাঁচজন ব্যক্তি বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে এসে সুমনকে মারধর করেন। এ সময় সুমনকে রক্ষা করতে আবু তাহের এগিয়ে গেলে শরীফ তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আবু তাহেরের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে অন্য যাত্রীরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফন শেষে রাতে পরিবারের সদস্যরা এ ঘটনায় থানায় অভিযোগ করবেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর