রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা, ছুটি অর্ধশতাধিকে  

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা, ছুটি অর্ধশতাধিকে  
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যান শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর শঙ্কার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।

এদিন সকাল ৭টা থেকে জেলার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী, পল্লীবিদ্যুৎ এলাকায় সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে। 

সকাল ৭টা থেকে পোশাক শ্রমিকরা কাজে যোগদানের জন্য কারখানা ফটকে আসলেও বন্ধের নোটিশ পেয়েই তারা ফিরে যেতে শুরু করেছে। অনেক শ্রমিককে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে। 

জেলার কালিয়াকৈর উপজেলাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর, রতনপুর এলাকার করণীসহ ৭টি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানানো রয়েছে। 

কালিয়াকৈরের এপেক্স হোল্ডিংয়ের পোশাক শ্রমিকরা বলেন, আমরা প্রতিদিন কাজের জন্য কারখানায় আসি।

কাজ না করলে আমাদের পেটে খাবার জোটে না। আমরা চাই কারখানায় কাজ হোক। বেতনের জন্য সবাই আন্দোলন করেছি। সরকার বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। আমরা এখন কাজ করতে চাই।

কিন্তু প্রতিদিন এসেই কোনো না কোনো ঝামেলা দেখি। সকালে এসেই শুনি কারখানা ছুটি, তাই চলে যাই। আজ আবার দেখছি অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরে কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজীপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা, ভাঙচুরসহ নানা ধরনের বিশৃঙ্খলায় অনেক কারখানা বন্ধ রয়েছে। 

কিছু কারখানা খোলা থাকলেও তাতে কাজ হচ্ছে না। আজ থেকে কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে তার সঠিক নোটিশ আমাদের কাছে এসে পৌঁছায় নি। তারা হয়তো আজকে বন্ধ করেছে। 

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর