রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঝুঁকিপূর্ণ মাটির ঘরে চলছে পাঠদান, তৃষ্ণায় ভরসা ড্রেনের পানি

মো. ফারুক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ এএম

শেয়ার করুন:

ঝুঁকিপূর্ণ মাটির ঘরে চলছে পাঠদান, তৃষ্ণায় ভরসা ড্রেনের পানি
ঝুঁকিপূর্ণ মাটির ঘরে চলছে পাঠদান

​চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত গ্রাম বড়াইল। এই গ্রামের কোমলমতি শিশুদের চোখে বড় হয়ে চিকিৎসক, শিক্ষক কিংবা সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণের প্রথম সিঁড়ি—বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি নিজেই ধুঁকছে চরম অবহেলা আর সংকটে। বিদ্যালয়টিতে বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা না থাকায় তৃষ্ণা মেটাতে শিক্ষার্থীদের ড্রেনের পানি পান করতে হচ্ছে।

​আশেপাশের সাত-আটটি গ্রাম এবং প্রায় পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে এটিই একমাত্র প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবন, বিদ্যুৎ ও শৌচাগারহীন পরিবেশেই প্রতিদিন ক্লাস করছে প্রায় ১২০ শিক্ষার্থী। আর কোনো ধরনের বেতন-ভাতা ছাড়াই পরম মমতায় এই সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান চালিয়ে যাচ্ছেন পাঁচজন শিক্ষক।

IMG-20261115-WA0006

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টির ভবন মাটির দেয়ালে তৈরি এবং ওপরে মরিচা ধরা ছিদ্রযুক্ত টিনের চালা। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি পড়ে বই-খাতা ভিজে যায়। পর্যাপ্ত বেঞ্চ ও কক্ষের অভাবে একই কক্ষে গাদাগাদি করে একাধিক শ্রেণির পাঠদান চলে। নেই বিদ্যুৎ সংযোগ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার। সবচেয়ে ভয়াবহ চিত্র পানীয় জলের ক্ষেত্রে—নলকূপ বা পানির ব্যবস্থা না থাকায় শিশুরা বাধ্য হয়ে পাশের ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায়, যা তাদের চরম স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। এছাড়া বিদ্যালয়ে আসার কাঁচা রাস্তাটি বর্ষায় কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

IMG-20261115-WA0008

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে ‘বড়াইল মিশন স্কুল’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে মিশনারিরা চলে গেলে এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ২০০৮ সালে ‘বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে পুনরায় এর কার্যক্রম শুরু হয়। পুরো বড়াইল গ্রামজুড়ে আর্থিকভাবে অসচ্ছল আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। স্থানীয়দের মতে, এই বিদ্যালয়টি বন্ধ হয়ে গেলে এলাকার বিপুলসংখ্যক শিশু প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়বে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তৃষ্ণা পেলে ড্রেনের পানি পান করতে তাদের ভয় লাগে, কিন্তু উপায় থাকে না। বৃষ্টিতে ক্লাস বন্ধ রাখতে হয়। তবুও বিনা বেতনে শিক্ষকদের আন্তরিক পাঠদানের কারণে তারা নিয়মিত স্কুলে আসে। দ্রুত নতুন ভবন, বিশুদ্ধ পানি ও সরকারি স্বীকৃতির দাবি জানিয়েছে তারা।

IMG-20261115-WA0010

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার বর্মন বলেন, নানা প্রতিকূলতা ও কোনো বেতন-ভাতা ছাড়াই আমরা পাঁচজন শিক্ষক নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছি। কিন্তু জরাজীর্ণ ভবন, নিরাপদ পানি ও শিক্ষা উপকরণের অভাবে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পেলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিশুদের শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষকদের শ্রমেরও মূল্যায়ন হবে।

​স্থানীয় বাসিন্দাদের দাবি, কেবল আশ্বাসে সীমাবদ্ধ না থেকে অবিলম্বে বিদ্যালয়টিতে বিশুদ্ধ পানি, নতুন ভবন, শৌচাগার নির্মাণ এবং সরকারি স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। তা না হলে অব্যবস্থাপনায় অঙ্কুরেই ঝরে পড়বে ১২০ আদিবাসী শিশুর আগামীর স্বপ্ন।

IMG-20261115-WA0007

এ বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, তারা বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন এবং অবকাঠামোগত ও নিরাপদ পানির সংকট তাদের নজরে এসেছে। নতুন ভবন নির্মাণ ও নিরাপদ পানির ব্যবস্থা নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সরকারি স্বীকৃতির বিষয়টি প্রচলিত নীতিমালা অনুযায়ী বিবেচনা করা হবে।

 

​গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, বিদ্যালয়টির দুরবস্থার কথা আমরা জেনেছি। সরেজমিনে পরিদর্শন করে নিরাপদ পানির সংকট ও জরাজীর্ণ ভবনের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর