রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্বামী নিখোঁজ, ২ সন্তান নিয়ে অসহায় শিমুর পাশে দাঁড়ালেন ফ্রান্স প্রবাসী

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম

শেয়ার করুন:

স্বামী নিখোঁজ, ২ সন্তান নিয়ে অসহায় শিমুর পাশে দাঁড়ালেন ফ্রান্স প্রবাসী
স্বামী নিখোঁজ, ২ সন্তান নিয়ে অসহায় শিমুর পাশে দাঁড়ালেন ফ্রান্স প্রবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব বড়চর গ্রামের শিমু রাণী সরকারের জীবনে দুঃখ-কষ্ট যেন নিত্যসঙ্গী। স্বামী সুরঞ্জিত দেব দীর্ঘদিন ধরে নিখোঁজ। দুই কন্যাসন্তানকে নিয়ে কোনো রকমে দিন কাটছে তার। এর মধ্যে বসবাসের জরাজীর্ণ ঘরটিও হয়ে উঠেছিল। বৃষ্টি হলেই টিনের ফুটো দিয়ে ঘরে পানি প্রবেশ করত। এমন কঠিন পরিস্থিতিতে তার পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ফ্রান্স প্রবাসী সমাজসেবক ও ক্রীড়া সংগঠক বদরুল আলম তালুকদার।

শিমু রাণী সরকারের বসতঘর মেরামতের জন্য তার পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে দুই বান্ডিল ঢেউটিন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বদরুল আলম তালুকদারের পক্ষ থেকে তার বন্ধু সমাজসেবক নুর আলম এসব ঢেউটিন শিমু রাণী সরকারের হাতে তুলে দেন।

দীর্ঘদিন ধরে স্বামীর অনুপস্থিতিতে দুই মেয়েকে নিয়ে প্রতিকূলতার সঙ্গে লড়াই করে আসছেন শিমু রাণী সরকার। আর্থিক সংকটের কারণে জরাজীর্ণ ঘরটি মেরামত করাও তার পক্ষে সম্ভব হচ্ছিল না। বৃষ্টি নামলেই ঘরের ভেতরে পানি পড়ত। এতে সন্তানদের নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হতো তাকে।

ঢেউটিন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিমু রাণী সরকার। অশ্রুসিক্ত নয়নে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, স্বামী দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকায় দুই সন্তানকে নিয়ে অত্যন্ত কষ্টে দিনযাপন করছিলেন। জরাজীর্ণ ঘরে বসবাস করতে গিয়ে প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টি হলে টিনের ফুটো দিয়ে পানি পড়ে ঘরের ভেতর ভিজে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে ঢেউটিন উপহার পাওয়ায় তার অনেক উপকার হয়েছে। এখন ঘরটি মেরামত করে সন্তানদের নিয়ে কিছুটা নিরাপদে বসবাস করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে ফ্রান্স প্রবাসী সমাজসেবক ও ক্রীড়া সংগঠক বদরুল আলম তালুকদার বলেন, প্রবাসে থাকলেও দেশের মানুষের কথা সবসময় মনে পড়ে। মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চান তিনি। শিমু রাণী সরকারের অসহায়ত্ব ও জরাজীর্ণ বসতঘরের কথা জানতে পেরে তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। সামান্য এই উপহার অসহায় পরিবারটির কিছুটা হলেও উপকারে আসবে জেনে তিনি আনন্দিত।

তিনি আরও বলেন, মানুষের বিপদে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চান।

সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে শিমু রাণী সরকারের মতো অসহায় পরিবারগুলোর জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরতে পারে। বদরুল আলম তালুকদারের এই উদ্যোগ প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ ও মানবিক ভালোবাসার এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর