সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে সচেতন নাগরিক সমাজ। ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত শ্যামনগরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। অন্যদিকে, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার এবং তার সংসদ সদস্য পদসংক্রান্ত বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনে (ইসি) লিখিত চিঠি পাঠানোর কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দেয় সচেতন নাগরিক সমাজ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মিজানুর রহমান। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে উপজেলা জামায়াত।
সচেতন নাগরিক সমাজের লিখিত বক্তব্যে বলা হয়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবন্দি থাকায় শ্যামনগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে এলাকার মানুষ কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর জনপ্রতিনিধিত্ব প্রয়োজন।

বক্তব্যে আরও বলা হয়, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও শ্যামনগরের মানুষের প্রতি দলের দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। আসনটির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘসূত্রতা জনমনে প্রশ্ন তৈরি করছে। এ অবস্থায় সংসদ সদস্যের আসনসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তি করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
আয়োজকেরা জানান, ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১০৮টি ওয়ার্ডে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে। পরে স্বাক্ষরসংবলিত স্মারকলিপি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।
অন্যদিকে, ১১ নভেম্বরের সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে দেওয়া বক্তব্য ও অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা জামায়াত। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান।
তিনি বলেন, গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামীর সাংগঠনিক দায়িত্ব ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বর্তমানে জামায়াতের কেউ নন। একজন ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বা তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো সংগঠনের ওপর চাপানো যুক্তিসংগত নয়।
মাওলানা আবদুর রহমান আরও বলেন, সংসদ সদস্য পদসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জামায়াতের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশন বরাবর লিখিত চিঠি পাঠানো হয়েছে। ফলে এ বিষয়ে দল কোনো উদ্যোগ নেয়নি, এমন অভিযোগ সঠিক নয়। তবে সংসদ সদস্য পদ বহাল থাকা বা শূন্য ঘোষণার সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত।

গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান মামলা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়। বিচারাধীন বিষয়ে আদালতের ওপর প্রভাব বিস্তার কিংবা আদালতের এখতিয়ার খর্ব করার পক্ষে দলটি নয়।
সচেতন নাগরিক সমাজের অভিযোগের জবাবে উপজেলা জামায়াতের আমির বলেন, শ্যামনগরের মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করা রাজনৈতিক সংগঠনগুলোর দায়িত্ব। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, নদীভাঙন, বেড়িবাঁধ, সুপেয় পানি, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানসহ এলাকার সমস্যাগুলো জামায়াতের কাছেও গুরুত্বপূর্ণ।
গণস্বাক্ষর কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে নাগরিকদের মতপ্রকাশ ও দাবি জানানোর অধিকার রয়েছে। জামায়াত এ অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে কোনো কর্মসূচিতে অসত্য তথ্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা কোনো সংগঠনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার প্রবণতা থাকা উচিত নয়।
জামায়াতের লিখিত বক্তব্যে দাবি করা হয়, দলটির সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ, স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি পাঠানো এবং বিচারাধীন বিষয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়গুলো বিবেচনায় না নিয়ে একতরফা অভিযোগ তোলা বস্তুনিষ্ঠ নয়।
সচেতন নাগরিক সমাজের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মিঠু, মাওলানা আব্দুল খালেক, শ্রী রবীন্দ্রনাথ ভোলা, মাস্টার নাঈম হাসান ও দেবব্রত ব্যানার্জি। জামায়াতের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ, এস এম ফজলুল হক, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মহসিন আলম, মাওলানা আমিনুর, সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, সাইদী হাসান, ইমাম হাসানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রতিনিধি/এসএস




