সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে ‘সচেতন নাগরিক সমাজ’।
আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর শ্যামনগরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হবে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে শ্যামনগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মিজানুর রহমান।
লিখিত বক্তব্যে বলা হয়, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবন্দি থাকায় শ্যামনগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে এলাকার মানুষ কার্যকর জনপ্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন। সুন্দরবনের জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা, বনদস্যুদের দৌরাত্ম্য, নদীভাঙন, বেড়িবাঁধ, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর জনপ্রতিনিধিত্ব প্রয়োজন।
বক্তব্যে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ, তার কারাবন্দি থাকা এবং সংসদ সদস্য পদ নিয়ে চলমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরা হয়।
এতে বলা হয়, জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করলেও শ্যামনগরের মানুষের প্রতি দলের দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। আসনটির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘসূত্রতা জনমনে প্রশ্ন তৈরি করছে বলেও দাবি করেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের প্রতি দুটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো- সংসদ সদস্যের আসনসংক্রান্ত সাংবিধানিক ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তি করা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচনের মাধ্যমে শ্যামনগরের মানুষকে নতুন জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া।
আয়োজকেরা জানান, ১৩ থেকে ১৫ নভেম্বর ১০৮টি ওয়ার্ডে গণস্বাক্ষর সংগ্রহের পর তা সংযুক্ত করে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এ কর্মসূচি প্রচার ও প্রকাশের জন্য সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তারা।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, তাদের দাবি কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা থেকে নয়; বরং শ্যামনগরের মানুষের অধিকার, সাংবিধানিক সমাধান, কার্যকর জনপ্রতিনিধিত্ব ও এলাকার উন্নয়নের স্বার্থে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মিঠু, মাওলানা আব্দুল খালেক, শ্রী রবীন্দ্রনাথ ভোলা, মাস্টার নাঈম হাসান ও দেবব্রত ব্যানার্জি।
প্রসঙ্গত, মাস কয়েক আগে এক নারী সঙ্গে গাজী নজরুলের ঘনিষ্ঠ মুহূর্তে ভিডিও ভাইরাল হয়। ঘটনাটি তদন্ত করে নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে দলে থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।
যদিও গাজী নজরুল ও সেই নারী নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেন সে সময়। সম্প্রতি সেই নারী ঢাকায় গাজী নজরুলের ন্যাম ভবনের বাসায় আত্মহত্যা করেন।
ওই ঘটনায় মামলা করেন ভুক্তভোগী নারীর বাবা। আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার দায়ে গ্রেফতার হন গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এএইচ



