ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ দক্ষিণপাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৩ নভেম্বর) ক্ষতিগ্রস্ত আলী মিয়ার বাড়ি পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আতাউর রহমান সরকার। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্ত্বনা দেন এবং ঘর পুনর্নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা তুলে দেন।
আতাউর রহমান সরকার বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থাকার চেষ্টা করে। মানুষের পাশে দাঁড়ানোর সামর্থ্য ও মানসিকতা দেওয়ায় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, সমাজের প্রত্যেক মানুষের উচিত বিপদে একে অপরের পাশে দাঁড়ানো। এ ধরনের সহযোগিতার মাধ্যমে সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি ঈমানের তাগিদও পূরণ করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইয়াকুব আলী, বিনাউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ইমরান হোসেন সরকার, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. রুহুল আমিন, জামায়াত নেতা হাফেজ ফরহাদ হোসেন এবং ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আব্দুর রউফসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরিদর্শনকালে কাজী ইয়াকুব আলী বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। খবর পেয়ে আতাউর রহমান সরকার ঢাকা থেকে ছুটে এসে তাদের পাশে দাঁড়িয়েছেন। জামায়াতের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
প্রতিনিধি/এসএস




