শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ-ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল, আটক ১

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ-ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল, আটক ১

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে মিছিল করেছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের কাউতলী এলাকায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের অদূরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদপ্রত্যাশী মিকাইল হোসেন হিমেলের নেতৃত্বে কাউতলী এলাকা থেকে মিছিলটি বের হয়। এতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

police

মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় মোকতাদির চৌধুরীসহ বিভিন্ন নেতার মুক্তির দাবিও জানানো হয়।

মিছিল চলাকালে ঘটনাস্থলে পুলিশের একটি গাড়ি পৌঁছায়। পরে মিছিল থেকে একজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৫০ কেজি মিষ্টি ধ্বংস, জরিমানা

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, সকালে মিছিলের খবর পেয়ে ২ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় মিছিল থেকে নবীনগর উপজেলা যুবলীগের সদস্য মো. রাজীব মিয়াকে আটক করা হয়। মিছিলের ঘটনা ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় একের পর এক প্রকাশ্যে মিছিলের ঘটনায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর