ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ দল। এ সময় প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তাকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদে এই অভিযান চালানো হয়। অভিযানকালে চম্পকনগর বাজারের জয় লোকনাথ মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুতের বিষয়টি নজরে আসে। এ সময় মিষ্টি তৈরির পরিবেশ ও খাদ্যের মান নিয়ে অসঙ্গতি পাওয়া যায়।
দোকানটির মালিকও অভিযোগের সত্যতা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা দেন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।
অন্যদিকে, বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতেও অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় দুটি মুদি দোকানিকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ




