যশোর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ভ্রমণ করের জাল রসিদ তৈরি করে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চেকপোস্ট এলাকায় সক্রিয় এই চক্রের জালিয়াতির ফাঁদে পড়ে সাত ভারতীয় পাসপোর্টধারী যাত্রী।
বুধবার (১১ নভেম্বর) সকালে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহারের অভিযোগে তাদের আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবেন না- এমন মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
আটক ভারতীয় পাসপোর্টধারীরা হলেন- বনিক প্রান্ত, রঞ্জিত, রতন কুমার, বিশ্বজিৎ, যুবরাজ সাহা, দ্বীপা রানী ও দেব কুমার।
আটক যাত্রীদের একজন বিশ্বজিৎ (পাসপোর্ট নম্বর: জেড ৬৭৯১৯৯৯) জানান, তারা বাংলাদেশে এসেছিলেন।
বুধবার বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফেরার সময় দ্রুত সিরিয়াল ছাড়াই ইমিগ্রেশন পার করে দেওয়ার কথা বলে চেকপোস্ট এলাকার পরিবহনকর্মী মিলন হোসেন খান ও তার ভাই রিপন হোসেনের কাছে পাসপোর্ট জমা দেন।
পরে তারা যাত্রীদের হাতে ভ্রমণ করের জাল রসিদ তুলে দেন। এসব রসিদ নিয়ে কাস্টমস কার্যক্রম সম্পন্ন করতে গেলে ধরা পড়েন তারা।
বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা গেছে, মিলন হোসেন খানের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে পোর্ট থানায় একটি মামলা রয়েছে।
অভিযোগ রয়েছে, চক্রটি প্রতিদিন পরিবহনে আসা পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ করের নামে জনপ্রতি ১ হাজার ২০০ টাকা আদায় করে। এরপর চেকপোস্ট এলাকার বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে ভ্রমণ কর ও বন্দর করের জাল রসিদ তৈরি করে যাত্রীদের সরবরাহ করে। এসব রসিদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আজহারুল ইসলাম বলেন, মিলন খান ও তার ভাই রিপন হোসেনের নেতৃত্বে একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে ভ্রমণ কর জালিয়াতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি সম্পর্কে তাদের কাছে তথ্য রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভ্রমণ কর জালিয়াতির অভিযোগে সাত ভারতীয় পাসপোর্টধারীকে কাস্টমস কর্তৃপক্ষ আটক করেছিল। তার ভাষ্য, এ ধরনের জালিয়াতির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হওয়ায় অপরাধ বন্ধ হচ্ছে না।
প্রশ্ন উঠেছে, প্রকাশ্যে এমন জালিয়াতি চললেও মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? সরকারি রাজস্ব সুরক্ষায় চক্রটির পুরো নেটওয়ার্ক শনাক্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
প্রতিনিধি/এএম




