যশোরের বেনাপোলে নাশকতার পরিকল্পনার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে প্রথম দুজনকে আটক করা হয়। পরে ভোরে পৃথক অভিযানে আরও দুজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন হাসান মাহমুদ প্রিন্স (৪৩), তার বাবার নাম মৃত আব্দুল হোসেন বিশ্বাস, বাড়ি নারায়ণপুর; ইজাজ আহম্মেদ (২১), তার বাবার নাম সিরাজুল ইসলাম, বাড়ি সাদীপুর; আব্দুর রহমান মিলন (৪০), তার বাবার নাম আব্দুর রহিম, বাড়ি শিকড়ী পূর্বপাড়া; এবং মশিউর রহমান (৪২), তার বাবার নাম চান্দ আলী, বাড়ি শিকড়ী মধ্যপাড়া। তারা সবাই বেনাপোল পোর্ট থানা এলাকার বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বেনাপোল একটি গুরুত্বপূর্ণ ব্যবসা ও বাণিজ্যিক এলাকা। এ এলাকার শান্তিপূর্ণ পরিবেশ, ব্যবসা-বাণিজ্য ও জননিরাপত্তা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, বেনাপোলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




