বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবাও

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া  
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবাও
মাহফুজুর রহমান

কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর কথা শুনে কয়েক ঘণ্টার পর মারা গেছেন বাবাও। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ছেলে ও রাতে বাবার মৃত্যু হয়। 

বুধবার (১১ নভেম্বর) সকালে জানাজা শেষে চৌড়হাস গোরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়।

মৃতরা ব্যক্তিরা হলেন- আবদুল মান্নান (৫৯) ও তার বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)। তারা কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা আবদুল মান্নান দীর্ঘ ৭ থেকে ৮ বছর অসুস্থ হয়ে বিছানাগত ছিলেন। তার ২ ছেলে ও ২ মেয়ে। পরিবারে বাবার সঙ্গে একসঙ্গেই থাকতেন মাহফুজ। প্রায় ১ বছর আগে বিয়ে করেন তিনি। 

মাহফুজুর শহরে কোর্ট স্টেশন এলাকায় একটি প্রিন্টিং প্রেসে কাজ করেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। বাবার অসুস্থতাসহ পারিবারিক বিভিন্ন বিষয়ে তিনি টেনশনে থাকতেন। 

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে প্রেসে কাজ করার সময় মাহফুজুরের মা ফোন করে জানান, তার বাবার অবস্থা ভালো না, হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এ খবর শোনার পরপরই মাহফুজুর কর্মক্ষেত্রে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সহকর্মীরা দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী প্রিন্টিং প্রেসের কর্মী শিপন ইসলাম বলেন, মাহফুজুর ভাই চেয়ারে বসে ছিলেন। হঠাৎ বাড়ি থেকে ফোন করে জানায়, তার বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এ খবর শোনামাত্র তিনি অসুস্থ হয়ে চেয়ার থেকে হেলে পড়েন। আমরা সবাই মিলে দ্রুত তাকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। রাত সাড়ে আটটার দিকে মাহফুজের লাশ হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়।

মৃতের মামাতো ভাই ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়ে আমরা সবাই হাসপাতালে গিয়ে মাহফুজুরের মরদেহ বাসায় নিয়ে আসি। বাড়িতে নেওয়ার পর ছেলের মৃত্যুর খবর তার বাবাকে জানানো হয়। এ খবর শোনার পর তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। মাহফুজুরের গোসল-কাফন সম্পূর্ণ করার পরপরই রাত ১১টার দিকে তার বাবাও মারা যান। 

মাত্র কয়েক ঘণ্টা ব্যবধানে বাবা ও ছেলের এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে বুধবার সকালে একই গোরস্থানে পাশাপাশি বাবা ও ছেলের দাফন সম্পন্ন করা হয়।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর