চাকরির সুবাদে স্বামীর সঙ্গে দূরে থাকতে হয় তমাশ্রী রায়কে। ঠাকুরগাঁওয়ের বোদা উপজেলায় স্বামীর কর্মস্থল হলেও ভাইফোঁটার দিনটি তার কাছে বরাবরই বিশেষ। তাই ব্যস্ততা ও দূরত্ব পেরিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দিতে ছুটে এসেছেন তিনি। ভাই তনয় চন্দ্র রায়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে বোনের হাত থেকে ফোঁটা নিতে পেরে আনন্দিত তনয়ও। ভাই-বোনের এই ভালোবাসা আর আবেগের মুহূর্ত যেন ফুটিয়ে তুলেছে ভাইফোঁটার প্রকৃত তাৎপর্য।
বুধবার (১১ নভেম্বর) সকালে দিনাজপুরের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পারিবারিক উৎসব ভাইফোঁটা পালিত হয়।
ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা, বোনের চোখে মঙ্গলকামনা। সঙ্গে মিষ্টিমুখ, উপহার আর শৈশবের স্মৃতিচারণ। কখনো হাসি, কখনো খুনসুটি, আবার কখনো আবেগে ভেজা মুহূর্ত- সব মিলিয়ে ভাই-বোনের ভালোবাসায় মুখর হয়ে ওঠে অনেক পরিবার।
তমাশ্রী রায় বলেন, ‘স্বামীর চাকরির সুবাদে ঠাকুরগাঁওয়ের বোদা উপজেলায় থাকি। তাই কর্মব্যস্ততায় অনেক সময় সবার সঙ্গে দেখা হয় না। কিন্তু ভাইফোঁটার দিনটি আমাদের একসঙ্গে হওয়ার সুযোগ করে দেয়। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করলাম। পরিবারের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করতে পেরে খুব ভালো লাগছে।’
ভাই তনয় চন্দ্র রায় বলেন, ‘বোনের হাত থেকে ভাইফোঁটা নিতে পেরে খুব ভালো লাগছে। বোন আমার জন্য মঙ্গল কামনা করেছে, এটাই আমার কাছে অনেক আনন্দের ও ভালো লাগার বিষয়।’
ভাইফোঁটা মানেই শুধু একটি ধর্মীয় আচার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আবেগ, স্মৃতি আর আত্মার টান। শৈশবে একসঙ্গে বেড়ে ওঠা, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া, আবার বিপদে একে অপরের পাশে দাঁড়ানো- জীবনের এমন অসংখ্য স্মৃতি এই দিনটিকে আরও বিশেষ করে তোলে। অনেকের কাছে ভাইফোঁটাই শুধু উৎসব নয়, ভাই-বোনের সম্পর্ক নতুন করে উদযাপনের এক বিশেষ উপলক্ষ।
আরও পড়ুন:
আরেক ভাইকে ফোঁটা দিতে আসা বোন প্রিয়া রায় বলেন, ‘ভাইফোঁটা আমার কাছে অনেক আবেগের একটি দিন। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। এই দিনটি আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে আসে। ভাইয়ের মুখে হাসি দেখলেই আমার ভালো লাগে।’
ভাই রতন চন্দ্র রায় বলেন, ‘বোনের হাতের ফোঁটা নেওয়ার আনন্দ অন্য রকম। ছোটবেলার অনেক স্মৃতি এই দিনকে ঘিরে রয়েছে। ভাই-বোনের মধ্যে রাগ-অভিমান থাকতেই পারে, কিন্তু ভালোবাসার জায়গাটা কখনো কমে না। বোনের ভালোবাসা ও মঙ্গলকামনা আমার কাছে অনেক বড় পাওয়া।’
উৎসবকে ঘিরে পরিবারের ছোট সদস্যদের মধ্যেও দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। নতুন পোশাক পরা, বড়দের কাছ থেকে উপহার পাওয়া এবং পরিবারের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি- সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়। দূরে থাকা ভাই-বোনেরাও ফোনে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগ করে নেন।
প্রতিনিধি/এসআই




