মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

নওগাঁয় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

শেয়ার করুন:

নওগাঁয় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩
নওগাঁয় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ।

নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির (৫৫)।

এদের মধ্যে একরামুল বারী শহরের মাস্টারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে, শাহানুর নেওয়াজ লিখন হাট নওগাঁ এলাকার মুসলিম উদ্দিন আকন্দের ছেলে এবং শিশির ৫ নম্বর ওয়ার্ডের নরেশ চন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, এদিন সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেফতার করা হয়। অপর দুজনকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার, জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহানুর নেওয়াজ লিখন এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির। তাদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কার্যক্রম চলছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

এর আগে, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড় করানো আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষণে বাস দুটির দৃশ্যমান প্রায় সবকিছু পুড়ে যায়। বডি, আসন ও ভেতরের সরঞ্জামসহ কিছুই অবশিষ্ট ছিল না। কেবল লোহার কাঠামো পড়ে থাকে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বাসমালিক মো. সাগির আহমেদের দাবি, দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসের ক্ষতির পরিমাণ ১৫ থেকে ১৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস দুটি মেরামত করে আবার রাস্তায় নামাতে দুই থেকে তিন মাস সময় লাগবে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর