মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘আমি ট্রেনে যাই, কালোবাজারি ধরে ফেললে টিকিট পাব কোথায়'

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

‘আমি ট্রেনে যাই, কালোবাজারি ধরে ফেললে টিকিট পাব কোথায়'
সিভিল সার্জনের বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।

গত রোববার (৮ নভেম্বর) জেলা আইনশৃঙ্খলা সভায় তিনি এই আবদার রাখেন। বিষয়টি জানাজানি হওয়ার পর গত দুদিন ধরে জেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে।

ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রেলস্টেশনের টিকেট কালোবাজারি নিয়ে কথা হলে সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান বলেন, আমরা যারা দূর থেকে আসা-যাওয়া করি কালোবাজারি ধরে ফেললে টিকিট পাব কোথায়।

তার এ বক্তব্যের পর সভার সঞ্চালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ আবেগে এধরনের কথা না বলার অনুরোধ করেন।

সিভিল সার্জনের এমন বক্তব্য জানাজানি হওয়ার পর গত দুই দিন ধরে সমালোচনা চলছে।

এবিষয়ে রেলওয়ে নিয়ে কাজ করা দ্য ট্রেইনের এডমিন সোহেল রানা ভূইয়া ঢাকা মেইলকে বলেন, রেলওয়ে আইন অনুযায়ী টিকিট হস্তান্তর বেআইনি, আর টিকিট কালোবাজারি করা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি জেনেও জেলার একজন পদস্থ ও দায়িত্বশীল কর্মকর্তা কীভাবে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ার পক্ষে কথা বলেন, সেটা বোধগম্য নয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে কাজ করা সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া'র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী ঢাকা মেইলকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি মারাত্মক আকার ধারণ করেছে। এরমধ্যে সরকারি এই কর্মকর্তা আইনশৃঙ্খলা মিটিংয়ে এমন বক্তব্য দেওয়া আমাদের শঙ্কিত করেছে। তার এই বক্তব্য আইনত অপরাধের সামিল। এমন বক্তব্যের আমরা প্রতিবাদ জানাই।

এই বিষয়ে জানতে সিভিল সার্জন মিজানুর রহমানকে তার মোবাইলফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর