সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

​পিরোজপুরের ৪৮ স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস ধরে ওষুধ ও পর্যাপ্ত চিকিৎসক নেই

​অহিদুজ্জামান
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

​পিরোজপুরের ৪৮ স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস ধরে ওষুধ ও পর্যাপ্ত চিকিৎসক নেই

পিরোজপুর জেলায় গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো এখন তীব্র সংকট ও অব্যবস্থাপনায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জেলার ৪৮টি স্বাস্থ্যকেন্দ্রে গত প্রায় সাত মাস ধরে নেই কোনো প্রয়োজনীয় ওষুধ। তার ওপর ৪৯টি গুরুত্বপূর্ণ চিকিৎসক ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১২ জন। জনবল ও ওষুধ সংকটের এমন চরম পরিস্থিতিতে গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবা প্রায় মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে।

​ওষুধশূন্যতার করুণ চিত্র

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সাতটি উপজেলার ৫৪টি ইউনিয়নের মধ্যে ৪৩টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ৫টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ মোট ৪৮টি কেন্দ্রে এই চরম সংকট বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ৪৮টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ২৭টিতে গত ৭ মাস ধরে ওষুধ সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। বাকি ২১টি কেন্দ্রে গত ৭ মাস ধরে নামেমাত্র স্বল্প পরিসরে সেবা চললেও বিগত ৩ মাস ধরে সেগুলোতেও ওষুধ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ার আশা নিয়ে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা হতদরিদ্র ও নিম্ন আয়ের রোগীরা খালি হাতে ফিরে যাচ্ছেন।

চিকিৎসক সংকটে সেবা কার্যক্রম ব্যাহত

​ওষুধের পাশাপাশি এই কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে প্রকট জনবল সংকট। কেন্দ্রগুলোর জন্য নির্ধারিত ৪৩টি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) পদের বিপরীতে বর্তমানে মাঠে কাজ করছেন মাত্র ১১ জন। অন্যদিকে, মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোর ৬টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১ জন।

​সব মিলিয়ে ৪৮টি কেন্দ্রের জন্য নির্ধারিত ৪৯টি পদের বিপরীতে ডাক্তার ও চিকিৎসা কর্মকর্তা রয়েছেন মাত্র ১২ জন। এর বাইরে অন্যান্য পদেরও ব্যাপক ঘাটতি রয়েছে। পাশাপাশি অধিকাংশ স্বাস্থ্যকেন্দ্রের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে সেবা নিতে হচ্ছে রোগী ও কর্মরতদের।

​চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও অতিরিক্ত ব্যয়

স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পেয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে এখন জেলা ও উপজেলা সদরের হাসপাতাল কিংবা বিভিন্ন চড়া মূল্যের বেসরকারি ক্লিনিকে ছুটতে হচ্ছে। এর ফলে ডাক্তার দেখানো, ওষুধ কেনা এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা; যা দরিদ্র মানুষের জন্য রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এসব কেন্দ্রে ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং শূন্য পদে জনবল নিয়োগের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ রোগীরা।

​কর্তৃপক্ষের বক্তব্য

মাঠ পর্যায়ের জনবল সংকটের বিষয়ে পিরোজপুর সদরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন জানান, আমাদের মাঠ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির কিছু সংখ্যক পদ শূন্য রয়েছে। সরকারের চাহিদা অনুযায়ী সেই তথ্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করেছি।

​দ্রুত সংকট সমাধানের আশাবাদ ব্যক্ত করে পিরোজপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষ বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিগত কয়েক মাস ধরে ওষুধের স্বল্পতা রয়েছে। আমরা আশা করছি, নভেম্বরের মধ্যেই ওষুধগুলো পর্যাপ্ত পরিমাণে চলে আসবে। এ ছাড়া খুব শিগগির জনবলের স্বল্পতাও নিয়োগের মাধ্যমে কাটিয়ে উঠতে সক্ষম হব।

​সংশ্লিষ্টদের মতে, গ্রামীণ পর্যায়ে প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুত ওষুধ সংকট দূরীকরণ, শূন্য পদে দক্ষ জনবল নিয়োগ এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করা জরুরি। এই সমস্যাগুলো সমাধান করা গেলে স্বাস্থ্যসেবার গতি বহুগুণ বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা ফিরে পাবেন।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর