শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফ্যাসিবাদী দলের পুনর্বাসন জনগণ চায় না: গাইবান্ধায় ধর্ম প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

ফ্যাসিবাদী দলের পুনর্বাসন জনগণ চায় না: গাইবান্ধায় ধর্ম প্রতিমন্ত্রী
গাইবান্ধায় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেছেন, ‘ফ্যাসিবাদী দলের পুনর্বাসন চায় না জনগণ। দেশে দলীয় ও রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালানো কোনো রাজনৈতিক দলের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।’

শনিবার (৭ নভেম্বর) দুপুরে গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি ফ্যাসিবাদকে হটিয়েছে। যে দল দলীয় ও রাষ্ট্রীয়ভাবে দেশে গণহত্যা চালিয়েছে, তাদের পুনর্বাসনের প্রশ্নই আসে না। আমরা তো দূরের কথা, দেশের জনগণই তাদের ফিরে আসার সুযোগ দেবে না।’

এ সময় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ‘ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং রাস্তাঘাট পাকা করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন পাইলট প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।’

এর আগে, দুপুর ১২টার দিকে জেলা পরিষদের আয়োজনে পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালিতে যোগ দেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর