পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের দরপত্রে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীর বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু বলেছেন, অনিয়ম-দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতেই তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে সুজানগর পৌর সুপার মার্কেটে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিদ্দিকুর রহমান পিন্টু। স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণীর অভিযোগের পর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাতেও এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান পিন্টু বলেন, সম্প্রতি সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। তার অভিযোগ, ডা. সুপ্রভা রাণী দরপত্রে এমন কিছু শর্ত যুক্ত করেন, যার কারণে সুজানগর ও পাবনার উপযুক্ত লাইসেন্সধারী ঠিকাদাররাও দরপত্র জমা দিতে পারেননি। এমনকি দরপত্র যাচাই-বাছাই কমিটিও নিজের পছন্দমতো গঠন করা হয়েছে। নিয়ম থাকলেও কমিটিতে কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে রাখা হয়নি। দরপত্র আহ্বানকারীদের সঙ্গে স্বাস্থ্য কর্মকর্তার পরিচয় এবং তার স্বামীর ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
পিন্টু আরও বলেন, এসব অনিয়ম নিয়ে তিনি শুধু স্বাস্থ্য কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলেন। এর বেশি কিছু করেননি। কিন্তু নিজের অনিয়ম ও দুর্নীতি আড়াল করতে স্বাস্থ্য কর্মকর্তা তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, স্বাস্থ্য কর্মকর্তা নিয়মিত হাসপাতালে আসেন না এবং দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর তিনি ছুটিতে রয়েছেন। অথচ গণমাধ্যমে তার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে যে, পিন্টুর কারণে তিনি হাসপাতালে যেতে পারছেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু, উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক নাদের হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও এস এম রাসেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুপ্রভা রাণী বলেন, ‘আমি কোনো ধরনের অনিয়ম করিনি। কেউ অভিযোগ করলে সেটা করতেই পারে, কিন্তু আমি অনিয়ম করেছি, এটা প্রমাণ করুক। হ্যাঁ, আমি ছুটিতে আছি। আমি অফিসে যেতে পারছি না বলেই তো ছুটিতে আছি।’
প্রতিনিধি/এসএস




