ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুটকিবোঝাই কাভার্ডভ্যান লুটের ঘটনায় আন্তঃজেলা দস্যু চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত প্রায় ৪০ লাখ ১২ হাজার ৭৮৫ টাকা মূল্যের ১৬০ বস্তা শুটকি এবং ছিনতাই হওয়া কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর আফজল ইউনিয়নের মাদ্রাজ এলাকার লতিফ বারী বাড়ির বাসিন্দা মো. মনির হোসেন (৪৫), দৌলতখান উপজেলার দিদার উল্লাহ এলাকার বাসিন্দা মো. আক্তার হোসেন (৩২) (বর্তমানে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সেনের টেক রোড এলাকায় ভাড়াটিয়া), নোয়াখালীর চরজব্বর উপজেলার চর ফান্নারুল্লাহ এলাকার মো. বাবুল (২৮) (বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মোদারবাড়ী এলাকায় ভাড়াটিয়া) এবং কুমিল্লার বান্দরা বাজার থানার নবীয়াবাদ এলাকার মো. নাদিম (২৪) (বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাতারবাড়ী এলাকায় ভাড়াটিয়া)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের ব্যবসায়ী শ্যামল দাস গত ৩১ অক্টোবর রাতে চট্টগ্রামের আসাদগঞ্জ শুটকি পট্টির সামিয়া ট্রেডার্স থেকে ৪০ লাখ ১২ হাজার ৭৮৫ টাকা মূল্যের শুটকি কিনে ঢাকা মেট্রো-ড-১৪-৭৯৪২ নম্বরের একটি কাভার্ডভ্যানে করে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন। কাভার্ডভ্যানটি চালাচ্ছিলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাসিন্দা আরিফ হোসেন।
১ নভেম্বর রাত পৌনে ২টার দিকে ফেনী সদর উপজেলার লালপুল থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে যাত্রাসিদ্ধি জামিয়াতুল সুন্নাহ মাদ্রাসার বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে পৌঁছালে একটি কালো মাহিন্দ্রা পিকআপ গাড়ি কাভার্ডভ্যানটির গতিরোধ করে।
পরে তিন দস্যু ধারালো স্টিলের ছুরি নিয়ে কাভার্ডভ্যানে উঠে ব্যবসায়ী ও চালককে মারধর করে। হত্যার ভয় দেখিয়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে নগদ ১৪ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তাকে রাস্তার পাশের ঝোপে ফেলে রেখে শুটকিবোঝাই কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়েরের পর ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তিনটি বিশেষ টিম নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও জামালপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩ নভেম্বর রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহন পাম্প সংলগ্ন নির্মাণাধীন ফ্লাইওভারের নিচ থেকে ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়।
পরদিন ভোরে জামালপুরের শরীফপুর এলাকায় অভিযান চালিয়ে চার দস্যুকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শরীফপুর ইউনিয়নের রুদ্র স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে থেকে চোরাই ১৬০ বস্তা শুটকি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের আন্তঃজেলা দস্যু চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মহাসড়কে শুটকি ও অন্যান্য পণ্যবাহী যানবাহনের গতিরোধ করে মালামাল লুট করে অজ্ঞাত ব্যক্তিদের কাছে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে।
ফেনী জেলা পুলিশ জানিয়েছে, চক্রটির অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শুটকি বোঝাই কাবার্ডভ্যান ছিনতাই এর ঘটনায় আটকৃত ৪ জনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এএইচ/এআরএম




