শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

দিনাজপুর সীমান্ত থেকে এক মাসে কোটি টাকার মালামাল উদ্ধার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

দিনাজপুর সীমান্ত থেকে এক মাসে কোটি টাকার মালামাল উদ্ধার

সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্যের অবৈধ অনুপ্রবেশ রোধে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়ন অক্টোবর মাসে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দিনাজপুর ৪২ বিজিবি দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তের প্রায় ৯৯ কিলোমিটার এলাকায় ২১টি বিওপির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সীমান্তে অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে ব্যাটালিয়নটি। অক্টোবর মাসে পরিচালিত এসব অভিযানে ৫৩৬ বোতল মদ, ১০৭ বোতল ফেনসিডিল, ৭ হাজার ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭১০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৪১ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ৩৭৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্যসহ ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল্য ৯৪ লাখ ২৮ হাজার টাকা। আর চলতি বছরের ১০ মাসে ৪২ বিজিবি মোট ৪৫ কোটি ৪৪ লক্ষ ৩৪ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপোশহীন। অপরাধী চক্রের যে-কোনো অপতৎপরতা কঠোরভাবে দমন এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ৪২ বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর