বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে সতর্ক পুলিশ, খুলেছে অধিকাংশ কারখানা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম

শেয়ার করুন:

শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে সতর্ক পুলিশ, খুলেছে অধিকাংশ কারখানা
খুলেছে অধিকাংশ কারখানা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে খুলে দেওয়া হয়েছে বেশির ভাগ কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরাও। তবে গতকাল আন্দোলন চলাকালে হামলায় আহত এক পোশাকশ্রমিকের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে গাজীপুরের বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকা ও মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, গাজীপুরের বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান মালিকপক্ষ খুলে দিয়েছে। সকাল থেকে শ্রমিকেরা কাজে ফিরেছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

GAzipur-6ae953bedc989

তিনি আরও বলেন, গতকাল ভোগড়া বাইপাস এলাকায় টোল প্লাজা ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের চেষ্টা করার সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করে বাসন থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

গাজীপুরে পোশাক শ্রমিক আন্দোলন, ৬ দিনে ৮৫০ কোটি টাকার লোকসান

পুলিশ সুপার আরও জানান, গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) নামে এক পোশাকশ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন।

gazipur-karkhana-1726387330

তৌফিকের মৃত্যু নিয়ে স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর ধরে তিনি বাংলাবাজার এলাকায় থেকে একটি কারখানায় চাকরি করছিলেন। সোমবার নোমান গ্রুপের টেরিটোরি গার্মেন্টসের সামনে শ্রমিক আন্দোলন চলাকালে মুঠোফোনে হামলার ঘটনা ধারণের চেষ্টা করেন তিনি। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে মারধর করে। পরে সহকর্মী শ্রমিকেরা তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের বাংলাবাজার এলাকায় থাকতেন এবং স্থানীয় লায়লা গার্মেন্টসে কাজ করতেন।

images

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া বলেন, চলমান শ্রমিক আন্দোলনে সহিংসতা রোধে পুলিশ, আনসার ও এসআরবি সদস্যদের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর