মুন্সিগঞ্জের মুক্তারপুরে গভীর রাতে অভিযানে চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত ২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সড়কের এশিয়া মিলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্বপাড়া এলাকার এনামুল হক (২৩) ও মো. শাহিন হাসান (২২)।
জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইশতিয়াক আশফাকের নেতৃত্বে এসআই কামরুল হাসান ও এএসআই দীপক কুমারসহ ডিবির একটি দল অভিযান চালায়।

এ সময় আটক দুজনের কাছ থেকে তিনটি প্যাকেটে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কুমিল্লা-ন-১১-০৭৭৪ নম্বরের একটি নেভি ব্লু রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/এসআই




