সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ী-শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

ক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ী-শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন ভুক্তভোগীরা। ছবি: ঢাকা মেইল

যশোর-ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারীদের ক্ষতিপূরণের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

আন্দোলনকারীদের অভিযোগ, একই প্রকল্পের আওতায় যশোর অংশের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আইন অনুযায়ী ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহের কালীগঞ্জ অংশের ব্যবসায়ী ও শ্রমিক-কর্মচারীরা তা পাননি। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে একাধিকবার লিখিত আবেদন করেও কোনো কার্যকর পদক্ষেপ বা সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।

আন্দোলনকারীরা জানান, গত ২৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি তুলে ধরেন তাঁরা। দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের সময়সীমাও দেওয়া হয়েছিল। দাবির মধ্যে রয়েছে, প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের তালিকাভুক্ত করা, ২০১৭ সালের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন অনুযায়ী বর্তমান বাজারমূল্যে ক্ষতিপূরণ দেওয়া এবং ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থাপনা অপসারণ বন্ধ রাখা।

এ ছাড়া যশোরের মতো ঝিনাইদহ অংশের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়া, বরাদ্দের অর্থে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করা এবং অধিগ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রকাশের দাবিও জানান তাঁরা। একই সঙ্গে ২০ আগস্ট ২০২৬ তারিখে উচ্চ আদালতের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা।

তাঁদের অভিযোগ, নির্ধারিত সময় পার হলেও দাবিগুলো বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাযথ নোটিশ না দিয়ে স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ব্যবসাপ্রতিষ্ঠান বা স্থাপনা অপসারণ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কালীগঞ্জে প্রকল্পের কাজ বন্ধ রাখারও আহ্বান জানান আন্দোলনকারীরা।

image

তাঁরা বলেন, একই প্রকল্পে যশোরের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণ পেলে ঝিনাইদহের ব্যবসায়ীরা কেন বঞ্চিত থাকবেন? বৈষম্য দূর করে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান ও ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবির বিষয়ে আশ্বস্ত করেন। তাঁর আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ব্যবসায়ী আন্দোলন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্যসচিব বায়োজিদ বোস্তমীসহ সংগঠনের অন্য নেতারা।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর