নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের অবিলম্বে শনাক্ত, গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘বাংলাদেশ প্রেসক্লাব’ জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রফেসর ননী গোপাল সরকার, বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ, উপদেষ্টা ইকবাল হোসেনসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে নির্মমভাবে হত্যা করা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর সরাসরি এক বর্বরোচিত আঘাত। কিন্তু এখন পর্যন্ত হত্যার জট খুলতে পারেনি পুলিশ। পরিকল্পিতভাবে ঘটানো এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডসহ জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার পরদিন নিহতের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ এই হত্যায় জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেফতার করেছে।
প্রতিনিধি/এফএ




