প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় সফরে আসছেন আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর)। তাঁর আগমনকে ঘিরে তোরণ, প্যানা, ব্যানার ও ফেস্টুনে ছেড়ে গেছে খুলনা শহর। তবে এসব নিজ উদ্যোগে অপসারণ করার জন্য অনুরোধ করেছে খুলনা মহানগর বিএনপি।
শনিবার (৩১ অক্টোবর) খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে স্থাপিত সকল তোরণ, প্যানা, ব্যানার ও ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ‘অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, আগামী ৫ নভেম্বর তারেক রহমানের খুলনায় শুভাগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যানার, তোরণ ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।
‘ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কে গর্ত খুঁড়ে তোরণ স্থাপন এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোর ওপর প্যানা, ব্যানার ও ফেস্টুন টানানো দেশ পরিচালনায় তারেক রহমানের অনুসৃত ‘সবার আগে বাংলাদেশ’ নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাধিকবার নির্দেশনা প্রদান করেছেন। ’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিশেষ সংস্থা ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এসব প্রচারসামগ্রী অপসারণের মতো বিব্রতকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।
‘এমতাবস্থায়, অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর পরিস্থিতি এড়ানোর স্বার্থে সকল স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে স্থাপিত সকল তোরণ, প্যানা, ব্যানার ও ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’
প্রতিনিধি/এএম




